লক্ষ্মীপুরের রায়পুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। মালয়েশিয়া প্রবাসী শাহরিয়ার রুবেল নামের ওই যুবকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, দক্ষিণ চরবংশী ইউনিয়নের বাসিন্দা শাহরিয়ার রুবেলের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মবিরোধী কিছু মন্তব্য করা হয়, যার স্ক্রিনশট দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এরপরই এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনের মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানান।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হলেও এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং স্থানীয়দের শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























