২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরের দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার বিকেলে টঙ্গী মডেল শাখার উদ্যোগে আয়োজিত এই ‘অদম্য জুলাই মিছিল’ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
মিছিলটি টঙ্গীর গাজীপুরা এলাকার তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে চেরাগআলী গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী কর্মীরা জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতি ও আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিশেষ করে শহীদ শাকিল পারভেজ ও শহীদ নাসির ইসলামসহ আন্দোলনে প্রাণ হারানো সকল শহীদের খুনিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে কোনো আপস করা হবে না। খুনিদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি। কর্মসূচিতে টঙ্গী মডেল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























