ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে। এ ঘটনায় তার নির্বাচনি প্রচারণা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি (শুক্রবার) সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে রুমিন ফারহানার একটি উঠান বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে। ওই সময় নির্বাচনি প্রচারণা পরিদর্শনে ঘটনাস্থলে উপস্থিত হন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রচারণার নিয়মকানুন নিয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ করে বলেন, “প্রচারণা সবাই করছে, তারা বৃদ্ধাঙ্গুলি দেখায়। আমি করলে দোষ কেন? আমি না বললে আপনি এই এলাকা ছেড়ে যেতে পারবেন না।” তিনি আরও বলেন, “আমার কোনো দল লাগে না, আমি রুমিন ফারহানা।”
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ১৭ জানুয়ারি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা নির্বাচনি প্রচারণা চালান, যা নির্বাচন আচরণবিধিমালা ২০২৫-এর ১৮ ধারা লঙ্ঘনের শামিল। এই আচরণবিধি লঙ্ঘনের কারণে তাৎক্ষণিকভাবে ওই সমাবেশ ভেঙে দেওয়া হয়।
এই ঘটনায় জুয়েল নামের এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান।
রিপোর্টারের নাম 























