চট্টগ্রামের চন্দনাইশে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এ আহত ও গেজেটভুক্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে দলটি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেন। বিবৃতিতে তিনি জানান, গত ১৬ জানুয়ারি দিবাগত রাতে চট্টগ্রামের চন্দনাইশে হাসনাত আব্দুল্লাহ এবং তার সঙ্গে থাকা মাঈনুদ্দিন নামে আরেক যুবককে কতিপয় দুষ্কৃতিকারী লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তারা মারাত্মকভাবে আহত হন।
এডভোকেট জুবায়ের বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, তাদের ওপর এভাবে পরিকল্পিত সশস্ত্র হামলা জাতির জন্য অশনি সংকেত। এটি শুধু একজন জুলাইযোদ্ধার ওপর হামলা নয়, বরং গণতান্ত্রিক চেতনার ওপর সরাসরি আঘাত।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতভিন্নতার অজুহাতে সহিংসতা ও সন্ত্রাসের পথ বেছে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে দেশে নির্বাচনী পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
জামায়াতের এই নেতা আহত হাসনাত আব্দুল্লাহ ও মাঈনউদ্দীনের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটভুক্ত বীরদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।
এডভোকেট জুবায়ের অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি ভবিষ্যতে যেন এ ধরনের বর্বর হামলার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।
রিপোর্টারের নাম 






















