চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে ১১ জন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চেষ্টা সফল হতে দেয়নি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোর ৪টার দিকে সীমান্তের ৭৫ নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, ভোরের দিকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশে ৭৫ নম্বর মেইন পিলার সংলগ্ন ভারতীয় অংশে বিএসএফ ১১ জন ব্যক্তিকে জড়ো করে। তাদের উদ্দেশ্য ছিল জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানো। খবর পেয়ে দ্রুত সতর্ক অবস্থান নেয় বিজিবি সদস্যরা। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় গ্রামবাসীরাও। পরিস্থিতি প্রতিকূল বুঝে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ এবং জড়ো করা ব্যক্তিদের শূন্যরেখা এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএফের পক্ষ থেকে বারবার পুশইনের চেষ্টা করা হয়েছিল, যা বিজিবি সফলভাবে প্রতিহত করেছে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে পরে সরিয়ে নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 




















