যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত বিখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের ভবন থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সরিয়ে ফেলা হয়েছে। দেশটির একটি ফেডারেল আদালত এই নামকরণকে ‘অবৈধ’ ঘোষণা করার পর শনিবার ট্রাম্পের নাম অপসারণ করা হয়।
কেনেডি সেন্টারের নির্বাহী পরিচালক ম্যাট ফ্লোকা আদালতে দাখিল করা এক নথিতে জানান, ভবন ও এর আশপাশে থাকা ট্রাম্পের নামসংবলিত সব সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। নাম অপসারণের কাজ চলার সময় ভবনের ভেতর থেকে জোরে শব্দ শোনা যাচ্ছিল এবং অনেক পথচারী কাজটি পর্যবেক্ষণ করেন। কেন্দ্রের পরিচালনা পর্ষদ শেষ মুহূর্তে আদালতের মাধ্যমে নাম অপসারণ ঠেকানোর চেষ্টা করলেও বিচারক সেই আবেদন খারিজ করে দেন, যা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
গত ২৯ মে দেওয়া এক রায়ে মার্কিন জেলা বিচারক ক্রিস্টোফার কুপার বলেন, কেনেডি সেন্টারের নাম পরিবর্তন করে ট্রাম্পের নামে করার সিদ্ধান্ত আইনসম্মত নয়। তিনি উল্লেখ করেন, কোনো জাতীয় প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ক্ষমতা কেবল কংগ্রেসের রয়েছে। বিচারক প্রশাসনকে ১৪ দিনের মধ্যে ভবনের মার্বেল নির্মিত সামনের অংশ এবং প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট সব জায়গা থেকে ট্রাম্পের নাম সরিয়ে ফেলার নির্দেশ দেন। এর অংশ হিসেবে কেনেডি সেন্টার কয়েক দিন আগেই তাদের ওয়েবসাইট থেকেও ট্রাম্পের নাম মুছে ফেলেছিল।
রিপোর্টারের নাম 























