সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ফাহিম আল ট্রাস্টের মেধা বৃত্তি ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। সম্প্রতি জকিগঞ্জ উপজেলার মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দুই উপজেলার ৭৭৫ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী ও বিপিএল সিলেট টিমের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর উপস্থিতিতে এই বৃত্তি বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ৩৪২টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় এসেছে। ২০২৫ সালের নভেম্বরে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার পর যাচাই-বাছাই শেষে যোগ্য শিক্ষার্থীদের হাতে এই সহায়তা তুলে দেওয়া হলো।
অনুষ্ঠানে কেবল বৃত্তির অর্থই নয়, মেধার বিশেষ স্বীকৃতি হিসেবে প্রতি শ্রেণিতে সর্বোচ্চ নম্বর অর্জনকারী ২৪ জন শিক্ষার্থীকে কম্পিউটার ট্যাব প্রদান করা হয়। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের পিতাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। শিক্ষার গুণগত মানোন্নয়নে উৎসাহিত করতে দুই উপজেলার ১০টি প্রাথমিক ও ১০টি মাধ্যমিক বিদ্যালয়কে ট্রাস্টের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে বিশেষ আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
এবারের আয়োজনে সবচেয়ে উল্লেখযোগ্য ও ব্যতিক্রমী উদ্যোগ ছিল অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের সম্মাননা। ট্রাস্টের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, ২০২৫ সালে অবসরে যাওয়া জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ১৪ জন শিক্ষক ও কর্মচারীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। বেসরকারি পর্যায়ে শিক্ষক ও কর্মচারীদের জন্য এ ধরনের ‘পেনশন ভাতা’ প্রদানের উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফাহিম আল চৌধুরী বলেন, “আমার মূল লক্ষ্য হচ্ছে এই এলাকার শিক্ষার প্রসার ও জনপদের উন্নয়ন নিশ্চিত করা। শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন থেকেই আমরা প্রথমবারের মতো এই পেনশন স্কিম চালু করেছি। এটি একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র।” শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “জীবনে সফল হতে হলে সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। লক্ষ্যহীনভাবে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আজ আমি যে অবস্থানে পৌঁছেছি, তার পেছনে আমার মা ও পরিবারের দোয়া এবং অক্লান্ত পরিশ্রম রয়েছে।”
ট্রাস্টের সহ-সভাপতি এটিএম সেলিম চৌধুরীর সভাপতিত্বে এবং সুপ্রকান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য সচিব প্রধান শিক্ষক সাব্বির আহমদ, ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, কুতুব উদ্দিন, মাওলানা মহি উদ্দিন, আব্দুল হামিদ, জয়েদ আহমদ ও বদরুল ইসলামসহ দুই উপজেলার শিক্ষক নেতা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ফাহিম আল চৌধুরীকে বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বক্তারা এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের মেধা বৃত্তি ও শিক্ষকদের সম্মাননা প্রদান কার্যক্রম স্থানীয় পর্যায়ের শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে।
রিপোর্টারের নাম 
























