পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্র অনুযায়ী, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিুবুর রহমান টোটন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই অব্যাহতির আদেশ জারি করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইতিপূর্বে আব্দুল জব্বার মৃধাকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। তবে জেলা বিএনপির পর্যালোচনায় তার দেওয়া লিখিত ব্যাখ্যা গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়নি। ফলে দলীয় গঠনতন্ত্রের আলোকে তাকে উপজেলা বিএনপির আহ্বায়কসহ দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এর আগে গত বুধবার দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে আব্দুল জব্বার মৃধাকে শোকজ করেছিল জেলা বিএনপি। সেই নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় চূড়ান্তভাবে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হলো।
এদিকে, দীর্ঘদিনের অভিজ্ঞ এই নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় বাউফলের স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তৃণমূলের একাংশের মতে, বিগত ১৫ বছর আওয়ামী লীগের প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে আব্দুল জব্বার মৃধা দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন। তার মতো একজন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত আগামী সংসদ নির্বাচনে স্থানীয় সাংগঠনিক শক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নেতা।
রিপোর্টারের নাম 
























