নির্বাচনী জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশের না থাকার পেছনে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন নেই, বরং কেবল পারস্পরিক বোঝাপড়ার অভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি মনে করেন, জোটের এই ভাঙনে ভোটের ময়দানে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শরিয়াহ আইন বাস্তবায়ন প্রসঙ্গে ইসলামী আন্দোলনের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে মাওলানা মামুনুল হক বলেন, তাদের দেওয়া বক্তব্য সঠিক নয়। তিনি জোর দিয়ে বলেন, ইসলামী মূল্যবোধ এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই এই জোটের পথচলা শুরু হয়েছিল এবং আদর্শিক অবস্থান থেকে শরিক দলগুলোর কেউ বিচ্যুত হয়নি।
নির্বাচনের আগে ইসলামী আন্দোলনের সঙ্গে নতুন করে আর কোনো বৈঠকের সম্ভাবনা নেই উল্লেখ করে খেলাফত মজলিসের আমির বলেন, তারা যদি নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে পুনরায় জোটে ফিরতে চায়, তবে তাদের সাদরে গ্রহণ করা হবে। তবে তারা না ফিরলে জোটের বাকি দলগুলোর মধ্যে জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির ভিত্তিতে আসন বণ্টন করা হবে।
জোটের অভ্যন্তরীণ বিষয়ে তিনি আরও বলেন, যে কোনো রাজনৈতিক জোটে মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে সেই মতভেদকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প নিয়েছে জোটভুক্ত দলগুলো।
রিপোর্টারের নাম 

























