ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বাতিল হওয়া মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানিতে এই সিদ্ধান্ত আসে।
এর আগে, গোপালগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ভোটার তালিকায় স্বাক্ষর জালিয়াতির গুরুতর অভিযোগ এনে ড. গোবিন্দ চন্দ্রের মনোনয়ন বাতিল করেছিলেন।
প্রার্থিতা বৈধ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক। তিনি বলেন, সমর্থকদের স্বাক্ষর জালিয়াতির যে অভিযোগ তুলে আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল, আপিল শুনানিতে তা ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশন আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে।
তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। এতে সত্যের জয় হয়েছে এবং নির্বাচন কমিশনের প্রতি আমার পূর্ণ আস্থা ছিল।
গোবিন্দ চন্দ্র গণমাধ্যমকে জানান, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কয়েকজন সরকারি কর্মকর্তাকে ব্যবহার করে এই কাজটি করিয়েছিলেন। তাদের হয়তো ধারণা ছিল যে আমি মাঠে থাকলে তাদের জয়ের পথে বাধা সৃষ্টি হতে পারে। তবে আজ আমি ন্যায়বিচার পেয়ে খুব আনন্দিত।’ তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এখন তিনি জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে পূর্ণ উদ্যমে মাঠে থাকবেন।
রিপোর্টারের নাম 























