কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ডাকাতদলের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় এক তরুণী নিহত হয়েছেন। গত শুক্রবার মাগরিবের নামাজের পর বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকায় নিজ বাড়ির উঠানে ১৮ বছর বয়সী সুমাইয়া আকতার গুলিবিদ্ধ হয়ে মারা যান।
নিহত সুমাইয়া আকতার নোয়াখালী পাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে। বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইলিয়াস এই তথ্য নিশ্চিত করেছেন।
সুমাইয়ার বাবা আবু বক্কর সিদ্দিক জানান, গত শুক্রবার মাগরিবের কিছুক্ষণ আগে পরিবারের সবাই বাড়ির উঠানে বসেছিলেন। সে সময় পাহাড়ের দিক থেকে রোহিঙ্গা ডাকাতদের দুটি পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। আকস্মিকভাবে একটি গুলি এসে সুমাইয়ার বুকে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
এ প্রসঙ্গে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, নোয়াখালী পাড়া এলাকায় ডাকাতদের সংঘর্ষে এক তরুণী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পেয়েছি। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। জড়িত ডাকাতদের ধরতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 























