রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। দেশব্যাপী আঞ্চলিক কেন্দ্রগুলোতে একযোগে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রায় ৯০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। তবে অসদুপায় অবলম্বনের অভিযোগে বিভিন্ন কেন্দ্র থেকে মোট চারজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ১ লক্ষ ২৬ হাজার ২২৫ জন আবেদন করেছিলেন। এই ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৫৩৬টি। সে হিসাবে প্রতি আসনে লড়েছেন প্রায় ৮২ জন ভর্তিচ্ছু। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল—এই পাঁচটি আঞ্চলিক বিভাগীয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সামগ্রিকভাবে প্রায় ৯০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত থাকলেও, শুধু রাবি কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৮৮.৩০ শতাংশ।
ভর্তি পরীক্ষায় স্মার্টফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে আটককৃত চারজনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দিব্য জ্যোতি সাহা এবং মো. শামস আজমাইন রয়েছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে লাবিব বিন মাহবুব এবং পরিচয় নিশ্চিত না হওয়া আরেক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককৃত দিব্য জ্যোতি সাহা পূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন বলে জানা গেছে।
‘সি’ ইউনিটের কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম মর্তুজা গতকাল বিকেলে তথ্যটি নিশ্চিত করে জানান, বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, একাধিক আঞ্চলিক কেন্দ্রে মোট প্রায় ৯০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন এবং অসদুপায় অবলম্বনের অভিযোগে মোট চারজনকে আটক করা হয়েছে।
চার পরীক্ষার্থীর আটকের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করার সময় জালিয়াতির প্রমাণসহ সর্বমোট চারজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে দুজনকে ডিভাইসসহ আটক করে তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার দায়ে পুলিশে মামলা করা হবে এবং তদন্ত সাপেক্ষে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এ বছর তিন ইউনিট মিলিয়ে ৪ হাজার ১৭টি আসনের বিপরীতে মোট ২ লক্ষ ৭২ হাজার ৬২৬ জন ভর্তিচ্ছু লড়বেন।
রিপোর্টারের নাম 























