নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ আদিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার বিকেলে জেলার দেলপাড়া এলাকায় এই সাক্ষাৎ শেষে তিনি নারায়ণগঞ্জ-৪ (সদর) আসনের তরুণ ভোটারদের আগামী গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
ভোটারদের উদ্দেশে প্রশ্ন রেখে হাসনাত আবদুল্লাহ বলেন, “আপনারা কি বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন চান না?” তিনি জোর দিয়ে বলেন, “দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি বাংলাদেশই আমাদের লক্ষ্য। আমরা এমন রাষ্ট্র চাই না যেখানে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে যায়।” নাগরিক মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎ শেষে হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে সঙ্গে নিয়ে এলাকাজুড়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচার চালান। এ কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরাও অংশ নেন।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, তারুণ্যের শক্তিকে সঙ্গে নিয়েই পরিবর্তনের রাজনীতি এগিয়ে নিতে চায় এনসিপি। এজন্য আগামী ভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে নতুন ধারার সূচনায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
রিপোর্টারের নাম 























