রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। তিন ইউনিটের এই ভর্তিযুদ্ধে ৪ হাজার ১৭টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন শিক্ষার্থী। বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এই বিশাল ভর্তি প্রক্রিয়া শুরু হবে, যেখানে প্রতিযোগীর সংখ্যা সবচেয়ে বেশি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে জানানো হয়, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা ১৭ জানুয়ারি এবং ‘বি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) পরীক্ষা ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ‘সি’ ও ‘এ’ ইউনিটের পরীক্ষা দুটি শিফটে (সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা) অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ‘বি’ ইউনিটের পরীক্ষা কেবল সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক শিফটে নেওয়া হবে।
এ বছর ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৬ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার কথা বিবেচনা করে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল—এই পাঁচটি আঞ্চলিক কেন্দ্রেও ভর্তি পরীক্ষা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।
কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হলো: রাজশাহী কেন্দ্রে ৬৮ হাজার ৪৯০ জন, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ লাখ ১৯ হাজার ১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৭ হাজার ৬৪৬ জন, খুলনা অঞ্চলে ২৩ হাজার ৯০৯ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ সংলগ্ন দুটি ভেন্যুতে ৩৮ হাজার ২৫৭ জন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩০৫ জন।
ভর্তি পরীক্ষা এক ঘণ্টাব্যাপী বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নিজ নিজ কক্ষে প্রবেশ করতে হবে। পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থী কক্ষের বাইরে যেতে পারবেন না।
ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ভর্তি পরীক্ষা কমিটি, প্রক্টর দপ্তর, আইসিটি সেন্টার, ছাত্র-উপদেষ্টা দপ্তর, পরিবহন ও হল প্রশাসনসহ স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।
রিপোর্টারের নাম 






















