সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মানিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে সিলেট নগরীর সুবিদবাজার এলাকার নিজ বাসভবন থেকে সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে।
আটকের পর তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির উপকমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, সেনাবাহিনীর একটি বিশেষ দল বিএনপি নেতা মানিককে আটক করে থানায় সোপর্দ করেছে। বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানিয়েছেন, সেনাবাহিনী কর্তৃক হস্তান্তরের পর ওই বিএনপি নেতা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ বা মামলায় পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
এদিকে মানিকের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাত আনুমানিক ৩টার দিকে সেনাবাহিনীর সদস্যরা তাদের বাসায় অভিযান চালায়। এরপর সেখান থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। আনোয়ার হোসেন মানিক ছাত্রদলের সাবেক রাজনীতির সাথেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
রিপোর্টারের নাম 






















