রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির দুই দিনব্যাপী ‘বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২০২৬’। গত ১১ জানুয়ারি অনুষ্ঠিত এই সমাপনী অধিবেশনে ব্যাংকের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস এবং শরীআহ সুপারভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান মুফতি শামসুদ্দিন জিয়া।
এর আগে সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন। অনুষ্ঠানে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম ও ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে আলোকপাত করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিম।
দুই দিনব্যাপী এই সম্মেলনে ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীসহ দেশজুড়ে বিস্তৃত ১৬টি জোনের প্রধান এবং ৪০০টি শাখার ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন। সম্মেলনে ব্যাংকের ব্যবসায়িক উৎকর্ষ সাধন এবং গ্রাহকসেবার মানোন্নয়নে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সমাপনী অধিবেশনে বক্তারা ইসলামী শরীআহ্ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার প্রসারে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 

























