আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন প্রস্তাবিত ‘জুলাই সনদ’-এর ওপর আয়োজিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের পাশাপাশি ‘আপত্তিসহ হ্যাঁ’ অপশন রাখার দাবি জানিয়েছে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘মূল্যবোধ আন্দোলন’। বুধবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই প্রস্তাব তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মূল্যবোধ আন্দোলনের চেয়ারম্যান ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর (আইইউবি) সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ সরোয়ার হোসেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এমন এক প্রক্রিয়ায় গণভোটের পরিকল্পনা করছে যেখানে একজন ভোটারকে হয় সব বিষয়ের সঙ্গে একমত হতে হবে, নতুবা সব বিষয়কে নাকচ করতে হবে। এই প্রক্রিয়াকে ‘ইনসাফ পরিপন্থি’ ও জনআকাঙ্ক্ষার পরিপন্থি হিসেবে অভিহিত করে তিনি বলেন, জুলাই সনদের নির্দিষ্ট কিছু ধারার সঙ্গে একমত হওয়া ইসলামি মূল্যবোধসম্পন্ন নাগরিকদের জন্য অস্বস্তিকর, আবার সামগ্রিক সনদকে নাকচ করে ‘না’ ভোট দেওয়াও অসংগত। এই সংকট নিরসনে সনদের ৭, ৮, ২১ ও ২২ নম্বর অনুচ্ছেদে আপত্তির সুযোগ রেখে ‘আপত্তিসহ হ্যাঁ’ বিকল্পটি যুক্ত করা প্রয়োজন।
বক্তারা অভিযোগ করেন, জুলাই বিপ্লবের চেতনা ও সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাসকে পাশ কাটিয়ে জুলাই সনদে পশ্চিমা সেক্যুলার সমাজদর্শনকে প্রাধান্য দেওয়া হয়েছে। সনদে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়ে তারা বলেন, কুরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন পাস করা হবে না—এমন কোনো নিশ্চয়তা এই সনদে নেই। ফলে ‘সাম্য’ বা ‘সামাজিক ন্যায়বিচার’-এর মতো অসংজ্ঞায়িত পরিভাষার আড়ালে ভবিষ্যতে জনমূল্যবোধবিরোধী আইন প্রণয়নের সুযোগ থেকে যেতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করা হয়। প্রথমত, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা এবং কুরআন-সুন্নাহ পরিপন্থি কোনো আইন না থাকার বিষয়টি অন্তর্ভুক্ত করা। দ্বিতীয়ত, যদি তা সম্ভব না হয়, তবে বিতর্কিত ৭, ৮, ২১ ও ২২ নম্বর অনুচ্ছেদগুলোকে গণভোটের আওতামুক্ত রেখে পরবর্তী নির্বাচিত সংসদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া। আর যদি এই দুটি প্রস্তাব গ্রহণ করা না হয়, তবে গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ এর পাশাপাশি ‘আপত্তিসহ হ্যাঁ’ (নির্দিষ্ট অনুচ্ছেদগুলোতে আপত্তিসহ) নামক তৃতীয় একটি বিকল্প রাখা।
মূল্যবোধ আন্দোলনের নেতারা মনে করেন, জুলাই সনদ সম্পর্কে দেশবাসীকে বিস্তারিত না জানিয়েই গণভোটের দিকে এগোনো হচ্ছে। এটি ভবিষ্যতে জনমানুষের বিশ্বাস ও মূল্যবোধের ওপর আঘাত হানতে পারে এবং সমাজে নৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের মুখপাত্র ইঞ্জিনিয়ার মুহাম্মাদ সাদাত, সমন্বয়ক মুহসিনুদ্দীন মাহমূদ এবং সাবেক সচিব নূরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 

























