নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একইসঙ্গে এই অনিয়মের বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য তাকে সশরীরে আদালতে তলব করা হয়েছে।
রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান মোছা. কামরুন নাহার গত রোববার এই শোকজ নোটিশ জারি করেন। সোমবার নোটিশটি গোদাগাড়ী থানায় পৌঁছায় এবং তা সংশ্লিষ্ট প্রার্থীর কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
নোটিশ সূত্রে জানা গেছে, তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন স্থানীয় অটোরিকশা ও সিএনজি চালকদের মাঝে ব্যক্তিগতভাবে চাদর, মাফলার এবং দলীয় প্রতীক ‘ধানের শীষ’ সম্বলিত ফ্ল্যাগ বিতরণ করেন। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ৪ নম্বর বিধির অধীনে এটি একটি সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে।
নির্বাচনী অনুসন্ধান কমিটি এই ঘটনাকে ‘নির্বাচন পূর্ব অনিয়ম’ হিসেবে চিহ্নিত করেছে। এ বিষয়ে কেন যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রতিবেদন পাঠানো হবে না, সে ব্যাপারে আগামী বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় রাজশাহীর যুগ্ম জেলা জজ প্রথম আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের এই নির্দেশনার অনুলিপি এরই মধ্যে রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতারের দপ্তরেও পাঠানো হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় কঠোর অবস্থান গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 
























