রাজশাহীর হজরত শাহ মখদুম (র.) এর মাজারে দূর-দূরান্ত থেকে আগত অতিথি ও অসুস্থ মানুষের সেবায় একটি মুসাফিরখানা ও দাতব্য চিকিৎসালয় চালু করা হয়েছে। গত মঙ্গলবার রাজশাহীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকায় অবস্থিত মাজার প্রাঙ্গণে এই সেবামূলক প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ।
‘দি মখদুম ফাউন্ডেশন’ আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. সুরায়েত রহমান রক্তিম আশরাফী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা আর্তমানবতার সেবায় সমাজের বিত্তবান ও সেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, হজরত শাহ মখদুম (র.) এর মাজারে আগত দর্শনার্থী এবং স্থানীয় অসুস্থ ও দরিদ্র মানুষেরা এই মুসাফিরখানা ও দাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে উপকৃত হবেন। এটি একটি মহৎ উদ্যোগ, যা মানবসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সবুর আলী, মো. মিজানুর রহমান মিজি, ডা. মো. তাওহীদুল মজিদ তাওহীদ, ডা. মো. ইমরান খান এবং ডা. মো. কাবিউল হাসান শুভ। নতুন এই সেবামূলক উদ্যোগ রাজশাহীর জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























