পাবনার ভাঙ্গুড়ায় মৌ চাষের আড়ালে তৈরি করা বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার দুধবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ৪১টি ড্রামে রাখা প্রায় ২ হাজার ৫০ কেজি ভেজাল মধু বিনষ্ট করা হয়। উদ্ধারকৃত এই মধুর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সিএনজিচালিত অটোরিকশা ও ভ্যানে করে ভেজাল মধুর একটি বড় চালান পাচার করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে দুধবাড়িয়া গ্রামের বাসিন্দারা মধুভর্তি ড্রামগুলো আটকে রেখে স্থানীয় প্রশাসনকে সংবাদ দেয়। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। তিনি জব্দকৃত ড্রামগুলো পরীক্ষা করে মধুর সত্যতা যাচাই করেন এবং পরে তা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হিসেবে গণ্য করে পাশের একটি খালে ফেলে ধ্বংস করার নির্দেশ দেন।
অনুসন্ধানে জানা যায়, উপজেলার বড় পুকুরিয়া গ্রামের দুই ভাই রমজান আলী ও জাইদুল দীর্ঘ দিন ধরে মৌ চাষের আড়ালে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন। তারা মূলত চিনির সিরার সঙ্গে বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে কৃত্রিম মধু তৈরি করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করতেন। এক সময়ের হতদরিদ্র এই দুই সহোদর ভেজাল মধুর কারবার করে বর্তমানে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, জব্দকৃত ৪১ ড্রাম মধু জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ হওয়ায় তা ধ্বংস করা হয়েছে। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তিদের সেখানে না পাওয়ায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তিনি আরও জানান, অভিযুক্তদের গতিবিধি বর্তমানে প্রশাসনের নজরদারিতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 

























