বান্দরবানের লামা উপজেলায় দীর্ঘদিনের পলাতক ও পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চংবট মুরুং পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত কাইংপা মুরুং (৪৯) ওই এলাকার মৃত রাংলাই মুরুংয়ের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, কাইংপা মুরুংয়ের বিরুদ্ধে ২০০২ সালে লামা থানায় দায়ের করা একটি মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত। সাজা ঘোষণার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ সময় ধরে আত্মগোপনে ছিলেন। এছাড়া আলীকদম থানার অন্য একটি মামলায়ও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
লামা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চংবট মুরুং পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামির কাছ থেকে একটি দেশীয় তৈরি অবৈধ একনলা বন্দুক উদ্ধার করা হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, সাজাপ্রাপ্ত পলাতক এই আসামিকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
রিপোর্টারের নাম 

























