রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সংলগ্ন পদ্মা নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বিশালাকৃতির বাগাড় মাছ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে মানিকগঞ্জের হরিরামপুর এলাকায় পদ্মা ও যমুনার মোহনায় স্থানীয় জেলে গোবিন্দ হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরবর্তীতে ৪৬ হাজার ২৫০ টাকা মূল্যে মাছটি বিক্রি করা হয়।
জানা গেছে, প্রতিদিনের মতো গোবিন্দ হালদার ও তার সহযোগীরা ভোরে নদীতে জাল ফেলেন। সকালের দিকে জালে অস্বাভাবিক ভারী কিছুর টান অনুভব করলে তারা সতর্কতার সঙ্গে জালটি নৌকায় তোলেন। এসময় বিশাল আকারের বাগাড় মাছটি দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জেলে গোবিন্দ হালদার জানান, দীর্ঘ সময় অপেক্ষার পর এমন বড় মাছ জালে আসায় তারা অত্যন্ত আনন্দিত। মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে আসা হলে উৎসুক জনতার ভিড় জমে। সেখানে উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি ১ হাজার ৭৫০ টাকা দরে মোট ৪৩ হাজার ৭৫০ টাকায় মাছটি কিনে নেন।
ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, বড় মাছের খবর পেয়ে তিনি মাছটি সংগ্রহ করেন। পরে মুঠোফোনে ও অনলাইনে যোগাযোগ করে চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ১ হাজার ৮৫০ টাকা দরে মোট ৪৬ হাজার ২৫০ টাকায় মাছটি পুনরায় বিক্রি করা হয়।
মৎস্য ব্যবসায়ীদের মতে, বর্তমানে বড় সাইজের বাগাড় মাছের বেশ চাহিদা রয়েছে। বিশেষ করে বড় বড় শৌখিন ক্রেতা ও প্রবাসীদের কাছে এ ধরনের মাছের কদর অনেক বেশি। অনেক দিন পর বড় মাছ ধরা পড়ায় জেলে পরিবারে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।
রিপোর্টারের নাম 

























