সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বর্ষাকালে বিদ্যালয়ে যাতায়াত সহজ ও নিরাপদ করতে নৌকা বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ২ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দে এই নৌকাগুলো নির্মাণ ও বিতরণ করা হয়।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কাচারি-সংলগ্ন ঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে নৌকাগুলো তুলে দেওয়া হয়। জানা গেছে, এমপি কামরুজ্জামান কামরুলের বরাদ্দের অর্থে খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ আলমকে সভাপতি করে গঠিত একটি কমিটির মাধ্যমে অর্থ উত্তোলন করে ১৬টি নৌকা নির্মাণ করা হয়।
নৌকা পাওয়া বিদ্যালয়গুলো হলো—শালীয়ানী, জামালপুর, কামাউড়া, খালিশাকান্দা, গলইখালী, ইটাউরি, দুগনই, বলরামপুর, মাছুয়াকান্দা, দৌলতপুর, দোয়াদুর রহমান, আলীপুর, সাতুর, বীরসিংহপাড়া, চাপাইতি ও আটাইশা মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মধ্যনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, বর্ষা মৌসুমে উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ৪৫টির শিক্ষার্থীদের নৌকায় করে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। এর আগে সংসদ সদস্য একটি বিদ্যালয়ে নৌকা দিয়েছিলেন। এবার তার উদ্যোগে আরও ১৬টি বিদ্যালয়ে নৌকা দেওয়া হয়েছে। নতুন নৌকাগুলো চালু হলে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত হবে এবং বিদ্যালয়ে উপস্থিতির হারও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, ‘হাওরাঞ্চলে শিক্ষার প্রসারে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি। বর্ষা মৌসুমে অনেক শিক্ষার্থী নৌকার অভাবে বিদ্যালয়ে যেতে পারে না। তাই যেসব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নৌকায় পারাপার করতে হয়, পর্যায়ক্রমে সব বিদ্যালয়েই নৌকার ব্যবস্থা করা হবে। শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।’
রিপোর্টারের নাম 

























