আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় কঠোর হুঁশিয়ারি ও নির্দেশনা প্রদান করেছেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর এবং নির্বাচনী দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা আপস সহ্য করা হবে না। প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক। তিনি বলেন, অতীতের মতো দেশের নির্বাচন ব্যবস্থাকে আর কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। যারা দায়িত্ব পালনে ভয় পান বা শঙ্কিত, তাদের আগেই বিষয়টি অবহিত করার পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রশাসন কেবল সাহসী ও নিরপেক্ষ কর্মকর্তাদের মাধ্যমেই এই জাতীয় দায়িত্ব সম্পন্ন করতে চায়।
নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়ে পূর্ণ আশ্বাস দিয়ে রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা আপনাদের পাশে থাকবে। দায়িত্ব পালনকালে কোনো কেন্দ্র যদি ঝুঁকিপূর্ণ মনে হয়, তবে দ্রুত প্রশাসনকে অবহিত করার নির্দেশ দেন তিনি। একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াকে প্রশাসনের মূল অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন তিনি।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এহতেশামুল হক, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফিন এবং র্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মনির হোসেন। এছাড়া আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
রিপোর্টারের নাম 

























