২০২৬ সালের প্রস্তাবিত গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পটুয়াখালীতে ব্যাপক প্রচারণামূলক কর্মসূচি শুরু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই বর্ণিল ‘রোড শো’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এ সময় পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. আবু ইউসুফ, সিভিল সার্জন মো. খালেদুর রহমান মিয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসীন উদ্দিন এবং জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ওহিদুজ্জামান মুন্সিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা এবং গণভোট নিয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি করাই এই রোড শো-এর মূল লক্ষ্য। তিনি জানান, নির্বাচনের দিন ভোটারদের দুটি পৃথক ব্যালট পেপারে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এর মধ্যে একটি ব্যালট থাকবে পছন্দের প্রার্থী নির্বাচনের জন্য এবং অন্যটি থাকবে গণভোটের জন্য।
তিনি আরও উল্লেখ করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে ‘জুলাই সনদ’ বাস্তবায়নসহ বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধা দ্রুততর সময়ে নিশ্চিত করা সম্ভব হবে। তাই ভোটাররা যাতে সঠিক তথ্য জেনে কেন্দ্রে গিয়ে নির্ভুলভাবে ভোট দিতে পারেন, সে বিষয়ে এই প্রচারণার মাধ্যমে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
উদ্বোধন শেষে সুসজ্জিত রোড শো-এর কনভয়টি পটুয়াখালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ জনগণকে গণভোটের গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা দিতে এই সচেতনতামূলক প্রচারণা পুরো জেলা জুড়ে অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 























