ফেনীর দাগনভূঞায় দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে নিহত অটোচালক সমীর কুমার দাসের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। সম্প্রতি উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামে নিহতের বাড়িতে গিয়ে তারা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি রাতে দাগনভূঞা উপজেলার ৭নং মাতুভূঁঞা ইউনিয়নের ফাজিলের ঘাট রামানন্দপুর জেলে পাড়া এলাকায় কার্তিক দাসের ছেলে সমীর কুমার দাসকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এই বর্বরোচিত ঘটনায় এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।
নিহতের পরিবারকে সমবেদনা জানাতে জামায়াতে ইসলামী মনোনীত ফেনী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সমীরের বাড়িতে যান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী সালেহ উদ্দিন ও মাতুভূঁঞা ইউনিয়ন আমীর মাওলানা নুরুল আমীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে ডা. ফখরুদ্দিন মানিক এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একজন সাধারণ শ্রমজীবী মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করা অত্যন্ত ন্যাক্কারজনক ও হৃদয়বিদারক। তিনি অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি অগ্রগতির বিষয়ে ডা. ফখরুদ্দিন মানিক ফেনীর জেলা প্রশাসক মনিরা হক এবং দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমানের সাথে কথা বলেন। তিনি প্রশাসনের কর্মকর্তাদের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান যেন ভুক্তভোগী পরিবারটি ন্যায়বিচার পায়।
পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে জামায়াত নেতৃবৃন্দ নিহতের আত্মার শান্তি কামনা করেন এবং ভবিষ্যতে এই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। একইসঙ্গে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দকে সমীরের পরিবারের নিয়মিত খোঁজখবর রাখার জন্য অনুরোধ জানানো হয়।
রিপোর্টারের নাম 























