নেত্রকোণার মোহনগঞ্জে জমি চাষকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কিছু বাড়িঘরে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পালগাঁও ও নলজুরী গ্রামের বাসিন্দাদের মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। প্রায় ৩-৪ দিন আগে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা নিয়ে দুই গ্রামের কৃষকদের মধ্যে একটি বিরোধের সূত্রপাত হয়। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও উভয় পক্ষের মধ্যে ক্ষোভ থেকে যায়। এরই জের ধরে রোববার সকালে দুই গ্রামের শতাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রণক্ষেত্রে লিপ্ত হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে পালগাঁও গ্রামের আব্দুল আজিজ (৫৩), নজরুল ইসলাম (৪৫), আল মেজাহিদ (৩২) ও জাকিরুল ইসলাম (২৬) এবং নলজুরী গ্রামের আবু সাইদ (৫৫), মুখলেছ মিয়া (৪৩), জুয়েল (৩৫) ও রিনা আক্তারের (৫০) নাম জানা গেছে। আহতদের উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি চাষের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘাতের সৃষ্টি হয়। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 






















