মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার রাতে আলীনগর সীমান্ত ফাঁড়ি সংলগ্ন এলাকায় চালানো এক বিশেষ অভিযানে এসব সিগারেট আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত সিগারেটের পরিমাণ ২ হাজার ৫৫০ প্যাকেট, যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ১০ হাজার টাকা। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় এসব সিগারেট উদ্ধার করা হয়েছে।
৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ন জানায়, মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার প্রায় ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় তারা দিবারাত্রি ২৪ ঘণ্টা সীমান্ত সুরক্ষার পাশাপাশি নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে শনিবার রাতে এই সফল অভিযান পরিচালিত হয়।
ব্যাটালিয়নের কর্মকর্তারা আরও জানান, অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে বিজিবি দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত সিগারেট আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
রিপোর্টারের নাম 






















