বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উচ্ছ্বাস কর্মকারের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের খালপাড় ইটভাটা সংলগ্ন এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার মেস কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
পুলিশের ধারণা, লাশের সার্বিক অবস্থা দেখে মনে হচ্ছে অন্তত দুই থেকে তিন দিন আগেই তার মৃত্যু হয়েছে। নিহত উচ্ছ্বাস কর্মকারের গ্রামের বাড়ি খুলনা জেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উচ্ছ্বাসের কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। সেখান থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে উচ্ছ্বাসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বরিশাল বন্দর থানার এসআই সাইফুল ইসলামও একই তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি আত্মহত্যা কি-না, তা নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 
























