বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে দেশব্যাপী প্রচারণায় নামার ঘোষণা দিয়েছেন। একই সাথে তিনি টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে দলীয়ভাবে সমর্থন জানান এবং বিএনপি মনোনীত এক প্রার্থীর তীব্র সমালোচনা করেন। শনিবার সন্ধ্যায় সখিপুর পৌর শহরের নিজ বাসভবনে আয়োজিত এক বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের চেতনা সংসদে তুলে ধরার লক্ষ্যে তিনি তার বড় ভাই লতিফ সিদ্দিকীকে (টাঙ্গাইল-৪) নির্বাচনে দাঁড়ানোর অনুরোধ করেছেন বলেও জানান। এতে তার নিজের রাজনীতি থাকুক বা না থাকুক, তা বিবেচ্য নয় বলে উল্লেখ করেন বঙ্গবীর।
টাঙ্গাইল আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের তীব্র সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, ‘আমি তারেক রহমানের নির্বাচন করে দিতে পারি, কিন্তু আযম খানের নির্বাচন না। আযম খান আমার ইফতার পার্টিতে বাধা দিয়েছে, মুক্তিযোদ্ধা খালেক মন্ডলকে গালিগালাজ করেছে, সে পাকিস্তানি হানাদারদের চাইতেও খারাপ।’
সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন সবুর খান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর সভাপতি আ. রহমান, সখিপুর উপজেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার, বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত খান টিপু এবং আবু জাহিদ রিপন প্রমুখ।
রিপোর্টারের নাম 






















