আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা যাচাই-বাছাইকে কেন্দ্র করে আপিল প্রক্রিয়া জমে উঠেছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা নিয়ে পাল্টাপাল্টি আপিল জমা পড়েছে নির্বাচন কমিশনে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে স্থাপিত স্থায়ী আপিল বুথে এই আবেদন জমা দেন দুই প্রার্থী।
জানা গেছে, হাসনাতের মনোনয়ন বাতিলের জন্য আপিল করেছেন মঞ্জুরুল আহসান মুন্সী। অন্যদিকে, মঞ্জুরুলের প্রার্থিতা বাতিলের দাবিতে পাল্টা আপিল করেছেন হাসনাত আব্দুল্লাহ। এর মধ্য দিয়ে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই উভয় পক্ষ তাদের আপিল ও সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিয়েছেন। এখন নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে এসব আপিলের ওপর শুনানি করে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
প্রার্থিতা বাতিল ও ফিরে পাওয়ার আবেদনের শেষ দিন শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৩১ জন প্রার্থী আপিল করেছেন। এ নিয়ে গত চার দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার ছিল সর্বোচ্চ ১৭৪টি আপিল। ইসি জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, নির্ধারিত সময়ের মধ্যে যারা আপিল করতে নির্বাচন ভবনে উপস্থিত হয়েছেন, তাদের সবার আবেদন গ্রহণ করা হয়েছে।
এদিকে, বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ খবর এসেছে। ঋণখেলাপির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত ও প্রকাশ না করতে হাইকোর্টের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্সের পৃথক আবেদনের (লিভ টু আপিল) শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। এই রায়ের ফলে মঞ্জুরুলের প্রার্থিতা আরও ঝুঁকির মুখে পড়ল।
রিপোর্টারের নাম 
























