সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর তীর সংরক্ষণ এলাকায় অসময়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। শুষ্ক মৌসুমেও নদীর প্রতিরক্ষা বাঁধের দুটি স্থানে ধস নামায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ উঠেছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে তৈরি হওয়া বিশাল গর্ত এবং পানির গতিপথ পরিবর্তনের কারণেই এই ভাঙন ত্বরান্বিত হচ্ছে।
স্থানীয়দের দাবি, কাজীপুরের বিভিন্ন পয়েন্টে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীর তলদেশে ভারসাম্য নষ্ট হচ্ছে। গত এক সপ্তাহ ধরে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করায় তীব্র স্রোত সরাসরি নদীর পশ্চিম পাড়ের তীর সংরক্ষণ এলাকায় আঘাত হানছে। এতে শুক্রবার রাতে পলাশপুর ঘাট এলাকার দুটি স্থানে বিশাল অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ২০১০ সালে এই তীর সংরক্ষণ কাজ শুরু হয়ে ২০১৪ সালে শেষ হয়েছিল। বর্তমানে এই ভাঙনের ফলে মেঘাই বাঁধ, ফসলি জমি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো চরম ঝুঁকির মুখে পড়েছে। বর্ষা মৌসুম আসার আগেই এমন বিপর্যয়ে নদীপাড়ের মানুষ ভিটেমাটি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন। স্থানীয়রা দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
রিপোর্টারের নাম 























