বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২০০ সদস্যের একটি শক্তিশালী প্রতিনিধি দল অংশ নেবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইইউ প্রতিনিধি দলের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ড. ইভারস আইজাবস।
বৈঠক শেষে ড. আইজাবস গণমাধ্যমকে জানান, ইইউ’র দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দলটি গত ডিসেম্বরের শেষভাগ থেকেই বাংলাদেশে অবস্থান করে তাদের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে তাদের সঙ্গে যুক্ত হবেন স্বল্পমেয়াদী পর্যবেক্ষকরা। সব মিলিয়ে নির্বাচনের দিন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ মোট ২০০ জন পর্যবেক্ষক মাঠ পর্যায়ে সক্রিয় থাকবেন।
একই সময়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন প্রসঙ্গে ইইউ প্রতিনিধি দলের প্রধান বলেন, এই দুটি বড় আয়োজন একসঙ্গে করা অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ। তবে বর্তমান নির্বাচন কমিশন এই কঠিন দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে পারবে বলে ইউরোপীয় ইউনিয়ন আশাবাদী।
ড. ইভারস আইজাবস আরও স্পষ্ট করেন যে, তাদের এই মিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে পুরো নির্বাচন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করবে। বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে এই নির্বাচন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিতব্য এই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেশের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি বিশ্বাস করেন।
রিপোর্টারের নাম 
























