২০২৬ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ এবং ম্যাচের স্থান পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি এই বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে আনুষ্ঠানিক জবাব পেয়েছে বিসিবি।
গত বুধবার (৭ জানুয়ারি) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আইসিসি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আইসিসির পাঠানো ই-মেইলে টুর্নামেন্টে বাংলাদেশের সম্পূর্ণ অংশগ্রহণের নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। আয়োজক সংস্থাটি জানিয়েছে যে, ইভেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামত ও প্রস্তাবনা গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, বিসিবিকে আইসিসির পক্ষ থেকে একটি আলটিমেটাম দেওয়া হয়েছে। বোর্ড সরাসরি এই খবরটি নাকচ করেছে। মূলত, গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে একটি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট জানিয়েছিল যে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে—আইসিসি এমন বার্তা দিয়েছে বিসিবিকে। কিন্তু বিসিবি এই দাবিকে মিথ্যা বলে আখ্যায়িত করেছে।
বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, ‘এই ধরনের প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসির সঙ্গে হওয়া যোগাযোগের প্রকৃতি বা বক্তব্যের প্রতিফলন নয়।’ বিসিবি আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। বোর্ড বলেছে, ‘গঠনমূলক ও পেশাদার পরিবেশে আইসিসি এবং সংশ্লিষ্ট আয়োজক সংস্থাগুলোর সঙ্গে কাজ করে একটি বাস্তবসম্মত ও সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছানোই আমাদের লক্ষ্য।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুনর্ব্যক্ত করেছে যে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণ সর্বোচ্চ অগ্রাধিকারেই থাকবে।
রিপোর্টারের নাম 

























