ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক অভিযানে কিউবার অন্তত ৩২ জন সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) কিউবান সরকার এই তথ্য নিশ্চিত করেছে। নিহত সবাই কিউবার নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানানো হয়েছে।
এই ঘটনায় কিউবায় দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এক সংক্ষিপ্ত সরকারি বিবৃতিতে কিউবা ভেনেজুয়েলায় তাদের নাগরিকদের উপস্থিতির বিস্তারিত ব্যাখ্যা না দিলেও বলা হয়েছে, কিউবা ও ভেনেজুয়েলা দীর্ঘদিনের মিত্র এবং কিউবা তেলের বিনিময়ে ভেনেজুয়েলাকে নিরাপত্তা সহায়তা দিয়ে আসছে।
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বলেছেন, ভেনেজুয়েলা সরকারের অনুরোধেই তাদের নিরাপত্তা কর্মীরা প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর সুরক্ষায় নিয়োজিত ছিলেন। দেশটির সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “আমাদের দেশপ্রেমিকরা দায়িত্ব পালন করতে গিয়ে মর্যাদা ও বীরত্বের সঙ্গে শহীদ হয়েছেন। তীব্র প্রতিরোধের পর সরাসরি সংঘর্ষে তাদের মৃত্যু হয়।”
এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, মাদুরো আটক হওয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধেও একই ধরনের সামরিক অভিযান চালাতে পারে কিনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন, কিউবার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই; কারণ “কিউবা পতনের দ্বারপ্রান্তে।” এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবাকে একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে দেশটির নেতৃত্বের তীব্র সমালোচনা করেছেন।
রিপোর্টারের নাম 






















