গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে বিলুপ্তপ্রায় ও বিরল প্রজাতির একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে। দীর্ঘপথ পাড়ি দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়া শকুনটিকে প্রাথমিক পরিচর্যার পর সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বন বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এর আগে, গত রবিবার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কছিমবাজার এলাকার একটি জমিতে বিরল প্রজাতির এই শকুনটিকে শীতকাতর ও অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শকুনটিকে উদ্ধার করেন গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তীর’-এর সদস্যরা।
সংগঠনটির সাবেক সভাপতি জিসান মাহমুদ জয় জানান, তীব্র শীত এবং দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে শকুনটি দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছিল। উদ্ধারের পর সংগঠনটির পক্ষ থেকে একটি নিরাপদ স্থানে রেখে শকুনটির প্রাথমিক পরিচর্যা করা হয়। পরিচর্যা শেষে বন বিভাগের নির্দেশনা অনুযায়ী এটি তাদের কাছে হস্তান্তর করা হয়। বন বিভাগও শকুনটিকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়েছে।
সংগঠনটির বর্তমান সভাপতি মোশারফ হোসেন জানান, বন বিভাগের পরামর্শে শকুনটিকে প্রথমে রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এটিকে উন্নত চিকিৎসা ও নিবিড় পরিচর্যার জন্য দিনাজপুরের সিংড়া জাতীয় উদ্যানের ‘শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রে’ পাঠানো হবে।
রিপোর্টারের নাম 

























