বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীর প্রধান অ্যাডভোকেট সালমা ইসলাম। এই সময় তাঁর সঙ্গে পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট শিল্পগোষ্ঠীর পরিচালকরা উপস্থিত ছিলেন।
সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে অ্যাডভোকেট সালমা ইসলাম সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান।
সাক্ষাৎকালে, তিনি প্রথমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ জিয়া পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও, খালেদা জিয়ার দীর্ঘ এবং বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অসামান্য অবদানের কথা তুলে ধরেন শিল্পপতি সালমা ইসলাম।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংশ্লিষ্ট শিল্পগোষ্ঠীর প্রয়াত চেয়ারম্যানের স্মৃতিচারণ করেন এবং তাঁর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের শিল্প উন্নয়নে তাঁর ব্যাপক অবদান অনস্বীকার্য। তারেক রহমান শিল্পগোষ্ঠীটির বর্তমান ব্যবসা-বাণিজ্য সম্পর্কে খোঁজখবরও নেন। এছাড়াও, দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে এই শিল্পগোষ্ঠীর সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যম প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।
অ্যাডভোকেট সালমা ইসলামের সাথে উপস্থিত ছিলেন শিল্পগোষ্ঠীটির ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, পরিচালক সোনিয়া সারিয়াত, মনিকা নাজনীন ইসলাম, সুমাইয়া রোজালিন ইসলাম এবং এস এম আব্দুল ওয়াদুদ।
রিপোর্টারের নাম 

























