দক্ষিণ কোরিয়া ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং। সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। ২০১৯ সালের পর দক্ষিণ কোরিয়ার কোনো শীর্ষ নেতার এটিই প্রথম চীন সফর।
চার দিনের এই রাষ্ট্রীয় সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং দক্ষিণ কোরিয়ার পপ সংস্কৃতির ওপর চীনের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং পার্লামেন্টের চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হবেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের সময় চীনের সঙ্গে সিউলের কূটনৈতিক সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, লি জে মিউং তা কাটিয়ে উঠতে সচেষ্ট। বিশেষ করে জাপানের সঙ্গে চীনের বর্তমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়া একদিকে যেমন নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল, তেমনি অর্থনীতির দিক থেকে চীনের সঙ্গে তাদের গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এই পরিস্থিতিতে লি জে মিউং বেইজিং ও টোকিও—উভয় পক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে একটি কূটনৈতিক ভারসাম্য তৈরির চেষ্টা করছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রিপোর্টারের নাম 




















