রাজধানীর মোহাম্মদপুরে একটি জুয়েলারি দোকানে হানা দিয়ে সিন্দুকসহ প্রায় ৭০ ভরি স্বর্ণালঙ্কার, ৬০০ ভরি রুপা ও নগদ ৪ লাখ টাকা লুট হয়েছে বলে অভিযোগ করেছেন দোকানের মালিক। সোমবার (৫ জানুয়ারি) ভোররাতে মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারের ‘নিউ রানা জুয়েলার্সে’ এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক মাসুদ রানা জানান, রবিবার (৪ জানুয়ারি) রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। সোমবার সকাল ১০টায় দোকান খুলতে এসে দেখেন কলাপসিবল গেট ও শাটারের তালা ভাঙা। তিনি বলেন, “ভেতরে ঢুকে দেখি সব তছনছ করা। সিন্দুকে আমার নিজস্ব ৫০ ভরি এবং বন্ধকি ২০ ভরি স্বর্ণ ছিল। এছাড়া ৬০০ ভরি রুপা ও নগদ ৪ লাখ টাকা ছিল। চোরেরা সিন্দুকসহ সব নিয়ে গেছে।”
মালিকের দাবি অনুযায়ী, খোয়া যাওয়া ৭০ ভরি স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৪ লাখ টাকা এবং রুপার মূল্য প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া মূল্যবান নথিপত্র ও রসিদ বইও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখেছে, ভোর ৩টা ২১ মিনিটের দিকে একদল চোর দোকানে প্রবেশ করে। তারা বেশ কিছুক্ষণ ভেতরে অবস্থান করে কাঁচের শোকেস ও আসবাবপত্র ভাঙচুর করে। পরে একটি পিকআপ ভ্যান নিয়ে এসে সিন্দুকটি গাড়িতে তুলে চলে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রিপোর্টারের নাম 

























