মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে কৃত্রিম কোমায় ছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ব্যাটার ডেমিয়েন মার্টিন। প্রায় এক সপ্তাহ কৃত্রিম কোমায় থাকা সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার অলৌকিকভাবে কোমা থেকে জেগে উঠে এখন অনেকটাই সুস্থতার পথে।
৫৪ বছর বয়সী মার্টিন গত মাসের শেষ দিকে অসুস্থ হয়ে পড়েন। ২৭ ডিসেম্বর তাকে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার মার্টিনের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তার ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন, ‘গত ৪৮ ঘণ্টায় অবিশ্বাস্য রকমের পরিবর্তন এসেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘কোমা থেকে বের হওয়ার পর মার্টিন অসাধারণভাবে সাড়া দিয়েছেন। তার পরিবারের কাছে মনে হচ্ছে, এটা যেন কোনও অলৌকিক ঘটনা।’
সাবেক উইকেটকিপার গিলক্রিস্ট জানান, মার্টিনের শারীরিক অবস্থা এতই ইতিবাচক যে চিকিৎসকরা তাকে শিগগিরই আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে নেওয়ার ব্যাপারে আশাবাদী।
উল্লেখ্য, মেনিনজাইটিস হলো মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডকে ঘিরে থাকা সুরক্ষামূলক আবরণের সংক্রমণ। দ্রুত চিকিৎসা না হলে এই রোগ কয়েক ঘণ্টার মধ্যেই প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
২১ বছর বয়সে টেস্ট অভিষেক হওয়া মার্টিন চারটি অ্যাশেজ খেলেছেন। টেস্ট ক্যারিয়ারে ৪৬.৩৭ গড়ে তার সংগ্রহ ৪ হাজার ৪০৬ রান।
অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপ জেতা মার্টিন ২০০৬–০৭ মৌসুমের তৃতীয় টেস্টের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ভাঙা আঙুল নিয়েও অপরাজিত ৮৮ রান করে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।
রিপোর্টারের নাম 
























