নারী ফুটবল লিগে লাল কার্ডের ম্যাচে রেকর্ড ২৩-০ গোলে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবে হারিয়েছে জামালপুর কাচারিপারা একাদশকে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে রবিবার (৪ জানুয়ারি) রাতে হওয়া ম্যাচে শামসুন্নাহার জুনিয়র এবং অধিনায়ক মারিয়া মান্দা করেন জোড়া হ্যাটট্রিক। ৬টি করে গোল পেয়েছেন দুজন। এদিন হ্যাটট্রিক পেয়েছেন তহুরা খাতুনও। জোড়া গোল করেন শামসুন্নাহার সিনিয়র। একবার করে জালের দেখা পেয়েছেন মনিকা চাকমা, সামিক্ষা ঘিমিরে, অনামিকা ত্রিপুরা, মানুচিং মারমা, প্রীতি ও তৃষা।
২০২১ সালে বাংলাদেশ নারী ফুটবল লিগে ২১-০ গোলে জয়ের রেকর্ড ছিল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। সেবার তারা হারিয়েছিল নাসরিন স্পোর্টস একাডেমিকে। এরপর ২০২৪ সালে এই কাচারিপাড়া একাদশকেই ১৯-০ গোলে হারায় নাসরিন একাডেমি। এবার আরও বড় লজ্জা পেলো জামালপুর কাচারিপাড়া একাদশ।
ম্যাচে ২১ মিনিটে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুদলের একাধিক খেলোয়াড়। চোট পান ফরাশগঞ্জের নেপালি ডিফেন্ডার পূজা রানা।
ঘটনার পর রেফারিদের সিদ্ধান্ত নিতে সময় লাগে। কয়েক দফায় ম্যাচ কমিশনারের সঙ্গে আলোচনা করে রেফারি ফরাশগঞ্জের মনিকা এবং কাচারিপাড়ার সামিয়া আক্তারকে লাল কার্ড দেখান।
তবে ম্যাচ শেষে ২৩ গোলে জয়ের রেকর্ড বড় হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 
























