৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় নিজেদের স্বপ্নযাত্রা ধরে রেখেছেন বাংলাদেশের তরুণ খেলোয়াড় জারিফ আবরার। এক উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই খেলোয়াড় ভারতের শৌনক চ্যাটার্জিকে ২-১ সেটে হারিয়ে সেমিফাইনালে নিজের জায়গা নিশ্চিত করেছেন।
বুধবার (১৫ অক্টোবর) রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রায় পৌনে তিন ঘণ্টার এক রোমাঞ্চকর লড়াই শেষে জয় ছিনিয়ে নেন জারিফ। ম্যাচের শুরু থেকেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম সেটে জারিফকে ৭-৫ গেমে হারিয়ে এগিয়ে যান শৌনক চ্যাটার্জি। তবে দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে খেলায় ফিরে আসেন জারিফ এবং ৬-২ গেমে সেট জিতে ম্যাচে সমতা ফেরান।
এরপর খেলা গড়ায় তৃতীয় ও নির্ণায়ক সেটে, যেখানে ছিল সব রোমাঞ্চের ছোঁয়া। শুরুতে ৩-০ তে এগিয়ে গিয়েছিলেন জারিফ, মনে হচ্ছিল সহজেই তিনি সেটটি জিতে যাবেন। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে শৌনক ৫-৩ গেমে লিড নিয়ে নেন। সেই কঠিন অবস্থান থেকে দারুণভাবে কামব্যাক করেন জারিফ, ৫-৫ এ সমতা আনেন। এরপর টানা দুই গেম জিতে ৭-৫ ব্যবধানে শৌনককে পরাজিত করে সেমিফাইনালে নিজের স্থান নিশ্চিত করেন তিনি।
এমন জয়ের পর ম্যাচ শেষে জারিফ আবরার বলেন, “আজ আমার ভাগ্য সহায় ছিল। এই ম্যাচ জেতার কথা ছিল না। একটা সময় আমি ৩-৫ এ পিছিয়ে ছিলাম। একটা ‘গ্যাপের’ জন্য ম্যাচ ঘুরে গেছে। জাস্ট মোমেন্টটা শিফট হয়েছে।”
স্বস্তি প্রকাশ করে তিনি আরও বলেন, “আজ একটু অফ ছিলাম। আলহামদুলিল্লাহ, কাভার করে ফেলেছি। ভারতীয় এই প্রতিপক্ষের পাওয়ার অনেক বেশি। ওটা কাভার দেওয়াটা আমার জন্য কঠিন ছিল।”
সেমিফাইনালে ভালো খেলার পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারেও দারুণ আত্মবিশ্বাসী এই টেনিস খেলোয়াড়, “ইনশাআল্লাহ সেমিফাইনালে একটা ভালো ম্যাচ খেলব। আমি অনেক আত্মবিশ্বাসী যে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারব।”
রিপোর্টারের নাম 























