বয়স তাঁর কাছে কেবলই একটা সংখ্যা। ৪০ পেরিয়ে গেলেও ক্রিস্টিয়ানো রোনালদোর ধার যেন আরও বেড়েছে। মঙ্গলবার হাঙ্গেরির বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জোড়া গোল করে আরও একবার ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন এই কিংবদন্তি। এই দুই গোলের মাধ্যমে তিনি এখন বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
রোনালদোর এই ৪০তম ও ৪১তম গোল গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজকে ছাড়িয়ে গেল। কার্লোস রুইজ ১৯৯৮ থেকে ২০১৬ সালের মধ্যে বাছাইপর্বে মোট ৩৯ গোল করেছিলেন।
পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই পর্তুগিজ তারকা ম্যাচের ২২তম মিনিটে নেলসন সেমেদোর ক্রস থেকে গোল করে দলকে সমতায় ফেরান। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগেই নুনো মেন্ডেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে পর্তুগালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
যদিও রবার্তো মার্টিনেজের দল শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ ড্রয়ে শেষ করে। এই ম্যাচটি জিততে পারলে তাদের বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়ে যেতো। তবে পয়েন্ট ভাগাভাগি করায় বাছাই পর্বে ৪ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটতে তারা এখন একেবারেই কাছে। নভেম্বরের উইন্ডোতে খেলতে নেমেই তারা সেই লক্ষ্য পূরণ করবে বলে আশা করা হচ্ছে।
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোলের মালিক রোনালদো এখন আরেকটি অনন্য মাইলফলকের দিকে নজর রাখছেন—ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তিনি।
রিপোর্টারের নাম 























