দৈনন্দিন জীবনযাপন ও সামাজিক অনুষ্ঠানগুলোতে অপচয়ের মাত্রা আশঙ্কাজনকভাবে বাড়ছে। তবে ইসলাম অপচয় ও কৃপণতা দুটোকেই বর্জন করে পরিমিত ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের নির্দেশনা দিয়েছে। কোরআনে কারিমে অপচয়কারীকে শয়তানের ভাই হিসেবে আখ্যায়িত করে এ বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সামাজিক মর্যাদা প্রদর্শন কিংবা অহেতুক প্রতিযোগিতার কারণে বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে বিপুল পরিমাণ খাবার নষ্ট হচ্ছে। অন্যদিকে সমাজের বহু মানুষ এখনও খাদ্যসংকটে ভুগছে। খাবার ছাড়াও পানি, বিদ্যুৎ ও মূল্যবান সময়ের অপচয় প্রতিরোধেও ইসলামে বিশেষ তাকিদ দেওয়া হয়েছে।
ইসলামী চিন্তাবিদদের মতে, অপচয় প্রতিরোধে সর্বাগ্রে প্রয়োজন ব্যক্তিগত সচেতনতা ও মানসিকতার পরিবর্তন। সম্পদকে অহংকারের বস্তু না ভেবে আল্লাহর দেওয়া আমানত মনে করে তার সঠিক ব্যবহার নিশ্চিত করাই ইসলামী জীবনদর্শনের মূল কথা।

























