একজন মুমিনের জীবনে তওবা ও ইস্তেগফারের গুরুত্ব অপরিসীম। ইস্তেগফার হলো মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে নিজ ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করা, আর তওবা হলো পাপ থেকে অনুতপ্ত হয়ে আল্লাহর পথে ফিরে আসা। এই দুই আমল কেবল গুনাহ মোচনের মাধ্যম নয়, বরং আত্মার প্রশান্তি, জীবিকায় বরকত এবং আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম উপায়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সঙ্গে রয়েছেন।’ (সূরা বাকারা: ১৯৪)
অনেকে মনে করেন, ইস্তেগফার শুধু পাপীদের জন্য প্রযোজ্য। কিন্তু বাস্তবতা হলো, নিষ্পাপ নবী-রাসুল ও নেককার বান্দারাও সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। পবিত্র কোরআনে হজরত ইবরাহিম (আ.)-এর দোয়ার উল্লেখ করে বলা হয়েছে, ‘হে আমাদের প্রতিপালক! যেদিন হিসাব অনুষ্ঠিত হবে, সেদিন আমাকে, আমার পিতা-মাতাকে এবং মুমিনদের ক্ষমা করে দিয়ো।’ (সূরা ইবরাহিম: ৪১)
হজরত রাসুলুল্লাহ (সা.) নিজেও প্রতিদিন প্রচুর পরিমাণে ইস্তেগফার করতেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর শপথ! আমি প্রতিদিন সত্তরবারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তাঁর কাছে তওবা করি।’ (সহিহ বোখারি: ৬৩০৭)
ইস্তেগফারের অন্যতম বড় ফজিলত হলো, এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনে রহমত ও বরকতের দ্বাৰ উন্মুক্ত করে দেন। জীবনের নানা সংকট ও অভাব-অনটনে কোরআন ইস্তেগফারের প্রতি উৎসাহিত করেছে। হজরত নুহ (আ.) তাঁর জাতিকে লক্ষ্য করে বলেছিলেন, ‘তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল। তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টিধারা বর্ষণ করবেন, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন ও নদী-নালা প্রবাহিত করবেন।’ (সূরা নুহ: ১০-১২)
কোরআনের এই নির্দেশনা অনুযায়ী, নিয়মিত ইস্তেগফার করলে আল্লাহ তাআলা জীবিকার সংকট দূর করে বান্দার জীবনে বরকত ও সুখ-শান্তি দান করেন।


























