রাজধানীর মতিঝিলে অবস্থিত মেসার্স পূবালী ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কারচুপি এবং পরিদর্শকদের কাজে বাধা দেওয়ার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই-এর ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওজনে কম দেওয়া দুটি ডিসপেন্সিং ইউনিটের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই সূত্রে জানানো হয়, অভিযানে প্রতিষ্ঠানটির ৫টি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করা হয়। এর মধ্যে ১টি পেট্রোল ইউনিটে প্রতি ১০ লিটারে ৪৬০ মিলিমিটার এবং ১টি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ১০০ মিলিমিটার জ্বালানি তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
বিএসটিআইয়ের পরিদর্শন কাজে বাধা প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী পূবালী ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা করা হয় এবং ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট দুটি বন্ধ করে দেওয়া হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার (সিএম) মো. তারেক রহমান এবং পরীক্ষক (মেট্রোলজি) হিসেবে শিখন সাহা দায়িত্ব পালন করেন।

























