নেত্রকোনার বারহাট্টায় প্রয়োজনীয় অনুমোদন ও বরাদ্দপত্র ছাড়া সার পরিবহনের অভিযোগে ১০০ বস্তা সারসহ একটি ট্রলি আটক করেছেন স্থানীয় লোকজন। সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার বাউশি এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিষয়টি পুলিশ ও কৃষি বিভাগকে জানানো হয়।
পুলিশ ও কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আটক সারগুলো সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সার ডিলার রফিকুল ইসলামের দোকান থেকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লক্ষ্মী স্টোর ও খোকন মিয়ার দোকানে নেওয়া হচ্ছিল। তবে প্রয়োজনীয় বরাদ্দপত্র ও পরিবহনের অনুমতিপত্র ছাড়াই সারগুলো আনা হচ্ছিল বলে জানিয়েছে কৃষি বিভাগ।
বারহাট্টা উপজেলা কৃষি বিভাগের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, প্রয়োজনীয় অনুমোদন, বরাদ্দপত্র ও সার উত্তোলনের অনুমতিপত্র ছাড়া এভাবে সার পরিবহনের নিয়ম নেই। আটক সারগুলো আসল ও মানসম্মত কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ট্রলিটি থানায় পাঠানো হয়েছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, আটক সারগুলো সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা থেকে আনা হয়েছিল। এ ঘটনায় কৃষি বিভাগের পক্ষ থেকে মামলা করার প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের সহায়তায় সার ও ট্রলি আটক করার পর চালকের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সার পরিবহনের বৈধতা যাচাই করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


























