গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় মো. এনামুল হক (৪০) নামের এক অটোভ্যানযাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত মো. আনোয়ার হোসেন (৪২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত মো. আবদুল হামিদ মিয়া (৪১) স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল হাটসংলগ্ন কামরাঙ্গার তল নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। হতাহত তিনজনেরই বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর হাজীপাড়া গ্রামে। নিহত মো. এনামুল হকের বাবার নাম মৃত মো. সোলায়মান আলী এবং গুরুতর আহত মো. আনোয়ার হোসেনের বাবার নাম মো. মোন্তাজ আলী। মো. আবদুল হামিদ মিয়া দুর্ঘটনাকবলিত অটোভ্যানের চালক ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, এনামুল হক, আনোয়ার হোসেন ও আবদুল হামিদ মিয়া তিনজনই পানের বরজে শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজের উদ্দেশ্যে তারা ঘটনাস্থলে এসেছিলেন। অটোভ্যান থেকে নামার ঠিক আগমুহূর্তে পেছন থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি মালবাহী ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কে পড়ে এনামুল হকের মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আনোয়ার হোসেন ও আবদুল হামিদ মিয়া আহত হন। স্থানীয়রা গুরুতর আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্যদিকে, আবদুল হামিদ মিয়া স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ি ফিরে যান। বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করে জানান, এনামুল হক নামের এক অটোভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে এবং আহত মো. আনোয়ার হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনাকবলিত অটোভ্যানটি থানায় জমা দেওয়া হয়েছে। পাশাপাশি ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।


























