পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের কথা স্বীকার করে ফেসবুকে পোস্ট দেওয়া রাজিব চন্দ্র দাস নামের এক যুবককে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক রাজিব চন্দ্র দাস শরীয়তপুরের তুলাসার এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৫৫ নম্বর বাড়িতে বসবাস করছিলেন।
উল্লেখ্য, পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব। বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

























