রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কেন্দ্রীয় মাঠে নির্মিত বাণিজ্য মেলার প্রধান অস্থায়ী ফটক ভেঙে ফেলেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে মেলার প্রধান প্রবেশদ্বার ভাঙার কাজ শেষ করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান। এর আগে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মাঠে প্রবেশ করে ক্যাম্পাসের দুটি ট্র্যাক্টর ব্যবহার করে মেলার বিভিন্ন অস্থায়ী স্থাপনা ভেঙে দেন।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠ শিক্ষার্থীদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের স্পষ্ট দাবি, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠে বাণিজ্যিক মেলার কোনো আয়োজন করা যাবে না। মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলা, শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের জন্য উন্মুক্ত রাখতে হবে।
শিক্ষার্থীরা জানান, মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিল করতে হবে। একই সঙ্গে কৃষি গবেষণার স্বার্থে মাঠটিতে স্থায়ী বা অস্থায়ী কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। এর আগে ২৭ ও ২৮ অক্টোবর এবং ১ নভেম্বরেও ধারাবাহিকভাবে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শেকৃবি শিক্ষার্থীরা।

























